ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
তিনি জানান, স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার ও সবজি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। পলে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট। অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং আইন অমান্যকারী ছয়টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
পৌর প্রশাসক মো. জিয়াউরের ভাষ্য, ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ ও মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







