কুমিল্লা
মায়ের সামনে ড্রেনে তলিয়ে শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি
কুমিল্লা নগরীতে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে স্মৃতি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রাত ৯টার দিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিটের উদ্ধারচেষ্টার পর শিশুটিকে ড্রেন থেকে বের করা হলেও তাকে বাঁচানো যায়নি।
নিহত স্মৃতি নগরীর কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র বলছে, বিয়ের দাওয়াত শেষে রাতে মায়ের সঙ্গে ফুটপাত দিয়ে বাসায় ফিরছিল স্মৃতি। টানা বৃষ্টিতে সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তা ও ড্রেনের পার্থক্য বোঝা যাচ্ছিল না। একপর্যায়ে মায়ের হাত থেকে ছিটকে গিয়ে পানির নিচে থাকা ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যেই মেয়েকে চোখের সামনে হারিয়ে ফেলেন তার মা।
শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট খোঁজাখুঁজির পর কিছুটা সামনে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজ চলছিল। কয়েকটি স্থানে ড্রেনের ঢাকনা খোলা ছিল এবং অনেক স্ল্যাব ভাঙা অবস্থায় পড়ে ছিল। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এসব ঝুঁকিপূর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। ফলে পথচারীদের জন্য তা অদৃশ্য ঝুঁকিতে পরিণত হয়।
এলাকাবাসী জানান, নগরীর বিভিন্ন সড়কের পাশে থাকা ড্রেন দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। কোথাও স্ল্যাব ভাঙা, কোথাও আবার সম্পূর্ণ খোলা। বারবার অভিযোগ জানিয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, এসব অরক্ষিত ড্রেন এখন পথচারীদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেছেন, ‘এটি একটি দুর্ঘটনা। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’





