মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ড. খন্দকার মারুফ হোসেন

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ড. খন্দকার মারুফ হোসেন, ছবি : আগামীর সময়
কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ হোসেন হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম, রোগীদের বিভিন্ন সমস্যা এবং বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা গ্রহণের অভিজ্ঞতা ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় হাসপাতালের টয়লেট, প্যাথলজি বিভাগ, রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে যুবকের মরদেহ, পুলিশ বলছে- বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমানের সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে কুমিল্লার জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলে হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
ড. খন্দকার মারুফ হোসেন আগামীর সময়কে বলেছেন, ‘মেঘনার সাধারণ মানুষ যেন নিজ এলাকায় মানসম্মত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান, সেটি নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানালেন তিনি।






