ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ আহত

আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত দুই পুলিশ সদস্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম।
এএসআই রাহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কদ্দুস নিজ এলাকায় অবস্থান করছেন। পরে কনস্টেবল বাকিরুল ইসলামকে সঙ্গে নিয়ে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কদ্দুসের স্বজনরা তাদের ওপর হামলা করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তারা ঘটনাস্থল থেকে ফিরে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, হামলায় আহত দুই পুলিশ সদস্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




