দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ২০

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বাস - আগামীর সময়
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক বাসচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার ডুবাঐ এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত বাসচালক তাজুল ইসলাম (৫০) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা। তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত এক অজ্ঞাতপরিচয় যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ভারী বৃষ্টির মধ্যে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেছেন, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ এবং আহত প্রায় ২০ জনকে উদ্ধার করে। দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শেষে যান চলাচল স্বাভাবিক করেন।
ওসি আরও বললেন, নিহত বাসচালকের মরদেহ এবং আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অপর নিহত যাত্রীর মরদেহ সিলেটে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।




