জীবননগরে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ

ছবি: আগামীর সময়
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা একটি প্রতিষ্ঠানে সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
জানা গেছে, জীবননগর-দত্তনগর সড়কের মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। এ সময় প্রতিষ্ঠানের গুদাম ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদ। প্রতিষ্ঠানটির সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সেখানে সরকারি সার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদ করা সারগুলো জব্দ করে প্রশাসন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে অবৈধভাবে মজুদ ও বিক্রির কোনো সুযোগ নেই। জব্দ করা ৪০৩ বস্তা ডিএপি সার বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সার অবৈধভাবে মজুদ, কালোবাজারি ও নিয়মবহির্ভূতভাবে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



