এনজিওকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

এনসিপি নেতা পলাশ আলী
রাজশাহীর তানোরে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতা গ্রেপ্তার হয়েছেন। তার নাম পলাশ আলী (৩০)। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
গ্রেপ্তার পলাশের বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে।
মামলা সূত্রে জানা গেছে, তিনি একটি এনজিওতে চাকরি করেন। একই সংস্থার কর্মী তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ওই তরুণী কিস্তির টাকা আদায় শেষে ফিরছিলেন। তখন পলাশ তাকে ধর্ষণচেষ্টা চালান।
তবে অভিযোগ অস্বীকার করেছে এনসিপির তানোর উপজেলা শাখা। শাখাটির সেক্রেটারি মোরশেদ আলী এটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা বলে দাবি করেছেন।
তার ভাষ্য, এনসিপিতে যোগ দেওয়ার আগে পলাশ ওই সংস্থায় কাজ করতেন। সেখানকার পুরনো কোনো বিরোধের জের ধরে তাকে ফাঁসানো হয়েছে। এর প্রতিবাদ করা হবে বলেও তিনি জানান।
এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম জানালেন, তানোরের কমিটি সম্পর্কে তার বিস্তারিত জানা নেই। ঘটনাটি জানার পর উপজেলার দায়িত্বশীলদের অবহিত করা হয়েছে। তারা সঠিক তথ্য জানাবেন বলে তিনি আশা করছেন।
নাহিদুল ইসলাম আরও বললেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।



