বগুড়ার স্বাচিপ সভাপতি ডা. সামির গ্রেপ্তার

ডা. সামির হোসেন মিশু । ছবি: পুলিশের সৌজন্যে
বগুড়ার শেরপুরে একটি রেস্টুরেন্ট থেকে স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি রেস্টুরেন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ডা. সামির হোসেন মিশুর বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। তিনি বাগেরহাট আইএইচটিতে কর্মরত। স্বাচিপ ছাড়াও বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন ডা. সামির।
এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন বলে জানা যায়। বগুড়ায় গরিবের চিকিৎসক নামে পরিচিত ডা. মিশু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুরে মকটেল নামে একটি রেস্টুরেন্টে এক চিকিৎসকের জন্মদিনের উৎসব পালন হচ্ছিল। সেই অনুষ্ঠানে ডা. সামির হোসেন মিশু অতিথি ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানিয়েছেন, গত বছরের ২২ অক্টোবর বগুড়া সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি ডা. সামির হোসেন মিশুকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে নেওয়া হবে।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল হচ্ছিল। এ সময় শেখ হাসিনাসহ প্রধান ১০ জন আসামির নির্দেশে অন্যরা রড, কাঠের বাটাম, হকিস্টিক, চাপাতি, ককটেল, বন্ধুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। কয়েকজন আসামি মিছিল লক্ষ্য করে এলোপাতাড়িভাবে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি করেন। এ ঘটনায় আহত বগুড়া শহরের নাটাইপাড়ার মো. আরাফ নামে এক শিক্ষার্থী ১৭২ জনের নাম উল্লেখ করে ৪৭২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে ডা. সামির হোসেন মিশুকেও অভিযুক্ত করা হয়।




