হবিগঞ্জে অন্য ডাক্তারের প্যাডে রোগী দেখার অভিযোগে আটক ১

অন্য চিকিৎসকের নাম ও ব্যবস্থাপত্রের প্যাড ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে আটক হয়েছেন মো. আরিফ। ছবি: সংগৃহীত
হবিগঞ্জ শহরে অন্য এক ডাক্তারের নাম ও প্যাড ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. আরিফ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৭টার দিকে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা শরীফ মো. সানজিদ জামান আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় টাঙ্গাইলের বাসিন্দা আরিফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। তার বিরুদ্ধে চিকিৎসক মীর মাহবুবুর রহমানের নামের প্যাড ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়া এবং বিভিন্ন ধরনের রোগনির্ণয় পরীক্ষা করার অভিযোগ রয়েছে।
অভিযানের সময় আরিফ তার চিকিৎসক পরিচয় ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার বৈধতার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুর বিন আকন ঘটনাস্থলে উপস্থিত হন। আরিফের বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটকের পর আরিফ বলেন, তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন।
শরীফ মো. সানজিদ জামান আদনান আরও বলেন, মধুমতি ডায়াগনস্টিক সেন্টার কীভাবে এমন একজনকে দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে, তা সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করা হবে। এরপর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।




