জামালপুরে এনসিপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: আগামীর সময়
দুপুরে মানববন্ধনে হামলার অভিযোগের প্রতিবাদে রাতে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তি। রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল, নিরাপদ সড়ক নিশ্চিত ও সাম্প্রতিক প্রাণঘাতী দুর্ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের ফৌজদারি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়ক ও রাজীব পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিকার চেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছিল। কিন্তু সেখানে হামলা চালিয়ে আন্দোলনকারীদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল আবিদ সৌরভ বলেন, ‘আমাদের চাওয়া হচ্ছে, যারা অপরাধী এবং মিডিয়ার সামনে প্রশাসনের উপস্থিতিতে আমাদের ওপর আক্রমণ করল, তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। জামালপুরের সাধারণ নাগরিকের পক্ষ থেকে আমরা বাস ব্যবস্থা সংস্কারের জন্য ৯টি দাবি দিয়েছি। এ দাবিগুলো খুব দ্রুত পূরণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জামালপুরে রাজীব বাসের সিন্ডিকেটের কারণে অন্য কোনো বাস ঢুকতে পারে না। বিগত সময়ে আওয়ামী লীগের নেতারা এই সিন্ডিকেট চালাত, এখন কারা চালাচ্ছে, বর্তমানে কারা এটি চালাচ্ছে, তা খুঁজে বের করার আহ্বান জানাই। জামালপুরের বাস ব্যবস্থার পরিবর্তন ও ভালো মানের বাস সেবার জন্য সাধারণ ছাত্র-জনতাকে একত্রিত হয়ে আন্দোলন করার আহ্বান জানাই।’
বিক্ষোভ মিছিলে এনসিপির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ মো. শামীম, জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল আবিদ সৌরভ, জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিমুল ইহসান ও মাহিন খন্দকারসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও সাম্প্রতিক প্রাণঘাতী দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে সেখানে হামলার ঘটনা ঘটে।
এনসিপির নেতাদের দাবি, হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আব্দুল্লাহ আল আবিদ সৌরভ, আমিমুল ইহসান ও মাহিন খন্দকার রয়েছেন।
হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর থানায় বাস মালিক ও শ্রমিক সংগঠনের কয়েকজন নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিপির নেতারা।
এর আগে সন্ধ্যায় শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির জেলা শাখার নেতারা। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।






