ছেলের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ওষুধ ভেবে কীটনাশক পানে বৃদ্ধার মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রংপুরে ওষুধ ভেবে কীটনাশক পান করায় হেমবালা (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের রাজরামপুর দোলাপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
নিহত হেমবালার বাড়ি দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর শৌলারপাড়া গ্রামে। তিনি ছেলে রবিন চন্দ্রের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
পুলিশ জানায়, রবিন চন্দ্র বিয়ের পর রাজরামপুর দোলাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন। দীর্ঘদিন পর ছেলে ও নাতি-নাতনিদের দেখতে সেখানে যান হেমবালা। বৃহস্পতিবার সকালে শারীরিক অসুস্থতার কারণে ওষুধ ভেবে কীটনাশক পান করেন। ওই সময় তিনি ঘরে একাই ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। হেমবালা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেছেন, ‘ওই বৃদ্ধা নারী ওষুধ মনে করে কীটনাশক পান করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’





