‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত’ নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন বারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।
মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলী ছেলে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত জানিয়েছেন জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বে নিয়োজিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।
পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, নাশকতা রোধে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরো বাড়ানো হয়েছে ।



