গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর

ছবি: আগামীর সময়
গাইবান্ধার বাংলাবাজার এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার সকালে হাতুড়ি দিয়ে মিনারের একটি পিলারের কিছু অংশ ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় শিক্ষার্থী ও শহরবাসীর মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর একটি লাইভ ভিডিওতে শহীদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং মিনারটি ভেঙে ফেলার হুমকি দেন। বিভাগীয় পরামর্শে কর্তৃপক্ষ গত ১৯ অক্টোবর গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। গতকাল রবিবার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরদিন সকালে শহীদ মিনারের বেশ কিছু অংশ ভাঙচুর করা হয়। অভিযোগ উঠেছে, এ কাজ করেছেন আহসান হাবীব নিজেই।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে জানানো হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে মোবাইল ফোনে আহসান হাবীবের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।
গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানালেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




