বালাগঞ্জ
পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হামলায় চাচার মৃত্যু

বায়ে চাচা আবুল মিয়া (৬৫) ডানে ভাতিজা মির্জা টিটু (৩৫)
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার হামলায় আবুল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ডেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল মিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে তার সঙ্গে আপন ভাতিজা মির্জা টিটুর (৩৫) বিরোধ চলছিল।
গতকাল রবিবার রাতে নিজ বাড়ির উঠানে ভাতিজার কাছে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটু দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চাচার ওপর হামলা চালান। এতে আবুল মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বালাগঞ্জ থানা-পুলিশ রবিবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ সোমবার বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বালাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ তরফদার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




