চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌরসভার এক কর্মচারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর থেকে দুপুরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক দুর্ঘটনায় দুজন এবং রবিবার রাতে উপজেলা সদরে আরেকজন নিহত হন।
নিহতরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী জিএম সেলিম (৪৫), কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের নজির আহমেদ (৯৬) এবং মাদারীপুরের শিবচর উপজেলার সিরাআই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন জিএম সেলিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তিনি বসন্তপুর গ্রামের কাজীপাড়ার গাজী ধন মিয়ার ছেলে এবং বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এর আগে সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা এলাকায় পাংচার হওয়া চাকা মেরামত করার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় নিহত হন মিনি পিকআপচালক ইমরান হোসেন।
অন্যদিকে, রবিবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন নজির আহমেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন সোমবার দুপুরে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার ভোরে ফালগুনকরা এলাকা থেকে পিকআপচালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




