ধামরাইয়ে অন্ধদের হাডুডু খেলা, চ্যাম্পিয়ন ঢাকা অন্ধ একাদশ

অন্ধদের হাডুডু খেলা
ঈদুল আজহা উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আয়োজন করা হয়েছে অন্ধদের হাডুডু খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা অন্ধ একাদশ।
রবিবার (৩১ মে) উপজেলার সানোড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় স্থানীয় যুবদল নেতাকর্মীদের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী খেলার আয়োজন করা হয়। একই সঙ্গে ঈদ পরবর্তী আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশ ৮ পয়েন্ট এবং ঢাকা জেলা অন্ধ একাদশ ১২ পয়েন্ট অর্জন করে জয় নিশ্চিত করে।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক ভিড় করেন। উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কুশুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইবাদুল হক জাহিদ। আরও উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আহাদ বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আব্দুল হালিম কণ্ঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক দর্শক।






