মাগুরায় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
মাগুরা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
মাগুরায় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মো. আব্দুল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মিজানুর রহমান নামে এক মোটরসাইকেলচালক।
আজ মঙ্গলবার সকালে শহরের বেলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ একই গ্রামের বাকি শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে রামনগর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, সকালে আব্দুল্লাহ মোটরসাইকেলে করে মধুখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেলনগর হাঁস খামারের সামনে পৌঁছালে উল্টোদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ ও মিজানুর আহত হন। স্থানীয়রা তাদেরকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।




