দিনাজপুরে কৃষকের ৬০০ শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নবাবগঞ্জে রাতের আঁধারে কৃষক হাফিজুল ইসলামের প্রায় ৬০০টি শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: আগামীর সময়
দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৬০০টি শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম (৫০)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম জানান, তিনি ২৫ শতাংশ জমিতে প্রায় ৬০০টি শিমগাছ চাষ করেছিলেন। এতে তার খরচ হয়েছিল প্রায় ৬০ হাজার টাকা। গাছগুলোতে ভালো ফলনও হয়েছিল। বর্তমান বাজারদরে শিম বিক্রি করতে পারলে প্রায় ৩ লাখ টাকা আয় হতো বলে আশা করেছিলেন তিনি।
হাফিজুল ইসলাম বলেন, ফসল বিক্রির টাকা দিয়ে পরিবারের আর্থিক চাহিদা পূরণের স্বপ্ন ছিল তার। কিন্তু রাতের আঁধারে কে বা কারা শিমগাছগুলো কেটে ফেলেছে। এতে তার দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন ভেঙে গেছে।
স্থানীয় বাসিন্দা শরিয়ত ইসলাম জানান, একজন কৃষক অনেক কষ্ট ও পরিশ্রম করে ফসল ফলান। এভাবে রাতের আঁধারে ৬০০টি শিমগাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে কৃষক হাফিজুল ইসলাম বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দা রাহেনা বেগম বলেন, কৃষকের আয়ের অন্যতম উৎস তার উৎপাদিত ফসল। অনেক আশা নিয়ে হাফিজুল ইসলাম শিমগাছগুলোর পরিচর্যা করেছিলেন। গাছগুলো কেটে ফেলায় তার অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানিয়েছেন, মালদহ গ্রামের কৃষক হাফিজুল ইসলামের প্রায় ৬০০টি শিমগাছ কেটে ফেলার বিষয়টি তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




