বেড়িবাঁধে পড়ে ছিল যুবকের নিথর দেহ
কক্সবাজার প্রতিনিধি

ছবি: আগামীর সময়
অন্যান্য দিনের মতোই সকালে কাজে বের হয়েছিলেন তারা। হঠাৎ মাতামুহুরী নদীর বেড়িবাঁধ এলাকায় এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।
নিহত যুবকের নাম সাকিব (২৬)। তিনি উপজেলার দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে।
ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকার। খবর পেয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এ বিষয়ে।
দিনের শুরুতে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তারা ধারণা করছেন, সাকিবকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

