কুষ্টিয়ায় সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রী

কলেজছাত্রীকে খুঁজতে সেতুতে ফায়ার সার্ভিস ,পুলিশ ও স্থানীয়রা— সংগৃহীত
কুষ্টিয়ায় সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে শরমিলা খাতুন (২৩) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ শরমিলা খাতুন কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইসমায়েল হোসেন রাকিব বললেন, তিনি বন্ধুদের সঙ্গে সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই তরুণীকেও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেন। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি নিজের কলেজ ব্যাগটি সেতুর ওপর রেখে নদীতে ঝাঁপ দেন। প্রবল স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই তিনি তলিয়ে যান। পরে ব্যাগে থাকা পরিচয়পত্র থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়।
শরমিলার স্বামী আশিকুর রহমান বলছিলেন, ‘সকালে পারিবারিক মনোমালিন্যের জেরে শরমিলা রাগ করে পরীক্ষার কথা বলে বাসা থেকে বের হন। এরপর দীর্ঘ সময় না ফেরায় আত্মীয়স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রাতে ফোন পেয়ে জানতে পারি, আমার স্ত্রী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছে।’
কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করা হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’





