গাইবান্ধা
পুরোনো ভিটা দেখতে বেরিয়ে ব্রহ্মপুত্রে নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকাডুবিতে মোজাম্মেল হক ওরফে তারা মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মোজাম্মেল হক গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফায়েতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় পরিবার নিয়ে ফুলছড়ির চর কাতলামারী এলাকায় বসবাস করতেন মোজাম্মেল হক। পরে নদীভাঙনের কারণে তিনি পরিবারসহ বাদিয়াখালীর তালুক রিফায়েতপুর গ্রামে চলে যান।
বৃহস্পতিবার সকালে পুরোনো বসতভিটা দেখতে পরিবারের আরও চারজন সদস্যকে নিয়ে একটি ছোট নৌকা ভাড়া করে চর কাতলামারীর উদ্দেশে রওনা হন তিনি। নৌকাটি নদের মাঝামাঝি পৌঁছালে প্রবল বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় মাঝিসহ পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোজাম্মেল হক নিখোঁজ হন।
খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন, তবে প্রথমে তাকে উদ্ধার করা যায়নি। পরে দুপুরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, নদীতে প্রবল বাতাস ও ঢেউ থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ ছিল। এমন অবস্থায় ছোট নৌকায় নদী পার না হওয়াই নিরাপদ ছিল। তীব্র স্রোত ও নদীর গভীরতার কারণে ডুবুরি দলের উদ্ধারকাজেও কিছুটা সমস্যা হচ্ছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, সতর্ক থাকলে দুর্ঘটনাটি এড়ানো যেত। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের অভিযান এখনো চলছে।







