আমান
দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করতে অপতৎপরতা চলছে

ছবি: ভিডিও থেকে নেওয়া
দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করতে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
দেশের স্বার্থে সবাইকে সজাগ থাকার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণের পথে কোনো অপতৎপরতা যাতে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ভাওয়াল মাঠে মতবিনিময়সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘কেউ কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা যেন দেশের উন্নয়ন ও জনকল্যাণের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিক্ষার বিষয়ে আমান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত করলে তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়বে।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, কোনো শিক্ষার্থী যেন মাদকে আসক্ত না হয়, সেদিকে সবার নজর রাখতে হবে।
অনুষ্ঠানে আমানউল্লাহ আমান বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা সহায়তার বিষয় উল্লেখ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইরফান আমান বলেন, শিক্ষা ব্যবস্থায় তৃতীয় ভাষা চালুসহ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ চলছে।
সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম, কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াজেদ কামালসহ সাভার ও কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা।




