এইচএসসি ও সমমানের পরীক্ষা
বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ শিক্ষার্থী

সংগৃহীত ছবি
এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ। এ বছর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
আজ শনিবার সকাল ১১টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
ফলাফল প্রকাশের সময় তিনি জানিয়েছেন, যথাযথ পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন।
গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।




