পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
বগুড়ার আদমদীঘি সান্তাহার জংশন স্টেশন সংলগ্ন হেলালিয়া হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সান্তাহার ইউনিয়নের ছাতনী হেলালিয়া রেলস্টেশনের উত্তর পাশের ঘটনা এটি।
নিহত লিটন ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের মোজাম বেপারীর ছেলে।
পুলিশ ও পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হন লিটন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি ছাতনী হেলালিয়া রেলস্টেশনের রেললাইন ধরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, লিটন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায়ই পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হতো।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



