রাণীনগর
চুরি দেখে ফেলায় গৃহবধূকে মারধর

ছবি: আগামীর সময়
নওগাঁর রাণীনগরে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা চুরির সময় দেখে ফেলায় এক গৃহবধূকে মারধর করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ফিরোজ মণ্ডল জানান, তাদের বাড়ি থেকে প্রায় এক ভরি এক আনা স্বর্ণালংকার, সাত ভরি রুপার গহনা ও নগদ এক লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া একটি ফুটবল ও এক জোড়া জুতাও নিয়ে যায় চোরেরা।
তিনি জানান, চোরেরা জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ভেতরে ঢোকে। এরপর ঘরে থাকা গলার হার, হাতের চুড়ি, কানের দুল ও পায়ের নূপুরসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। একপর্যায়ে তার স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির ভেতরে অপরিচিত লোকজন দেখতে পান। এ সময় চোরেরা তাকে মারধর করে পালিয়ে যায়।
ফিরোজ মণ্ডল আরও জানান, তিনি রাতে আবাদপুকুর বাজারে পাহারাদারের কাজ করেন। তার অনুপস্থিতির সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। এ ছাড়া চোরেরা সুগন্ধিযুক্ত কোনো চেতনানাশক পদার্থ ছিটিয়েছিল বলেও সন্দেহ করছেন তিনি। এতে বাড়ির অন্য সদস্যরা গভীর ঘুমে ছিলেন বলে জানান তিনি।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।




