স্কুল থেকে নাতিকে আনা হলো না দাদির

ছবি: আগামীর সময়
যশোরে নাতিকে স্কুল থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার (৪৫) নামে দাদির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহরুখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বেলা পৌনে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া গেট এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দেলোয়ার রহমানের স্ত্রী। আহত শাহরুখ একই ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের ওলিয়ার মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, সেলিনা আক্তার ভ্যানে করে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কিন্ডারগার্টেন স্কুলে নাতিকে আনতে গিয়েছিলেন। স্কুল শেষে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে চাউলিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়।
এতে সেলিনা আক্তার ও মোটরসাইকেলচালক শাহরুখ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে সেলিনা আক্তারের মৃত্যু হয়। শাহরুখের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ভাতিজা রিজভী রহমান বিশাল জানিয়েছেন, তার নাতি মো. জয় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো সেদিনও তিনি নাতিকে আনতে স্কুলে গিয়েছিলেন।
যশোর জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য সোহেল রানা জানিয়েছেন, সেলিনা আক্তারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




