ফরিদপুরে আ.লীগ নেতাকর্মীর হামলায় কৃষক দল নেতা নিহত

নিহত রাজু মোল্লা
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় নিহত হয়েছেন কৃষক দলের এক নেতা। এ সময় অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এ ঘটনা।
নিহতের নাম রাজু মোল্লা। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে এবং ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন জানালেন, কয়েকজন পথচারী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। পরে তার পরিচয় শনাক্ত হয়। তার নাম রাজু মোল্লা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লার অভিযোগ, ‘আমার ভাতিজা রাজু মোল্লাকে আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বললেন, ‘আমাদের উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
মহাসড়কে অগ্নিসংযোগ ও সহিংসতার কারণে সড়কের দুই পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কৃষক দল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে অবস্থান নেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এদিকে রাজু মোল্লার মৃত্যুর খবর পেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শহিদুল ইসলাম বাবুলের অভিযোগ, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। ১০০ থেকে ১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি ও বল্লম নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন। তারা রাজু মোল্লার ওপর হামলা করেন। খবর পাওয়ার পর কৃষক দলের লোকজন গিয়ে তাদের হটিয়ে দেয়।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর জানালেন, নিহত ব্যক্তির মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।




