তথ্যমন্ত্রী
সাংবাদিকের কলমের খোঁচায় যেন কারও জীবন-সম্মান নষ্ট না হয়

বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ছবি : আগামীর সময়
মিডিয়া গণতন্ত্রের একটি স্তম্ভ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সরকারের কাজ ভালো নাকি খারাপ হচ্ছে তা গণমাধ্যম তুলে ধরবে। তবে সাংবাদিকের কলমের খোঁচায় কারও জীবন, ক্যারিয়ার ও মান-সম্মান যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি।
মন্ত্রী বলেছেন, নীতিমালা করে কাউকে আইনের আওতায় আনা সম্ভব। কিন্তু সাংবাদিকদের নৈতিকভাবে দায়িত্বশীল হতে হবে। অর্ধসত্য, বানোয়াট কিংবা কম তথ্যের ভিত্তিতে কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। এ ধরনের সংবাদে কারও আত্মসম্মান যেন নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
পার্থ বললেন, কাউকে অযথা বেশি প্রশংসা করাও ঠিক নয়। এতে মনে করতে পারেন তিনি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বললেন, গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক। বর্তমানে বাংলাদেশে সাইবার বুলিং একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর কারণে সংবাদমাধ্যমের গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা কমছে। মানুষ এখন অনেক সময় সত্যিকারের সংবাদ দেখেও সেটিকে ফেক নিউজ মনে করছেন। ফলে সংবাদমাধ্যমও প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
মতবিনিময় সভায় ভোলা প্রেস ক্লাব সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।






