সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সুনই ফকির বাড়িমোড়ে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
দশধার-পোগলা সড়কের সুনই ফকির বাড়িমোড়ে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম ফকির বলেন, ‘আমার ভাই সীমান্ত এলাকার বিভিন্ন অপরাধ নিয়ে লেখালেখি করতেন। এ কারণে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে বলে মনে করি। আমি তো আর আমার ভাইকে কোনো দিন ফিরে পাব না। কিন্তু যারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারসংলগ্ন তেলনজিয়া এলাকায় গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন তিনি।
এ ঘটনায় হত্যাকাণ্ডের পরদিন আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকা থেকে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করে র্যাবের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪।
গতকাল বুধবার নেত্রকোনার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. আলিমুল ইসলাম তার তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ অক্টোবর রাতে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব নামের আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। আদালত প্রথমে তার এক দিনের এবং পরে আরও চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।



