জ্বালানি সংকট সমাধানে জামায়াতের প্রস্তাবে ভ্রুক্ষেপ করেনি সরকার : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আগামীর সময়
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের দেওয়া প্রস্তাবে সরকার কোনো ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংগঠনিক সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চলমান সংকট নিরসনে বিরোধী দল নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে তাদের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে দিয়েছে। কিন্তু সরকার সেই প্রস্তাব আমলে নেয়নি।
মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু শুধু বিরোধিতার স্বার্থেই সরকার বিরোধী দলের বিরোধিতা করছে।
সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি উল্লেখ করেন, বিরোধী দলে বসার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হয়েছে।
তার ভাষ্য, সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার লক্ষ্যেই এসব প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু জামায়াতসহ বিরোধীদলের কোনো প্রস্তাবই এখন পর্যন্ত সরকার গ্রহণ করেনি।
বিরোধী দলের বিরুদ্ধে সরকারের অসহযোগিতার অভিযোগকে তিনি ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন। মিয়া গোলাম পরওয়ার আরও বলেছেন, বিএনপি ‘অকৃতজ্ঞ’।
তিনি উল্লেখ করেন, ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সার্বিক বিষয় বিবেচনা করে পাঁচ বছর বিএনপির সঙ্গে ছিল জামায়াত। দেশের কল্যাণ এবং আধিপত্যবাদী শক্তি মোকাবিলার স্বার্থেই সে সময় বিএনপিকে সমর্থন দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
এর আগে ১৯৯১ সালেও বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাদের সহযোগিতা ও সমর্থন দিয়েছিল বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।
তবে তার অভিযোগ, সরকার গঠনের পরই বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, ঢাকা, রাজশাহী ও খুলনায় জামায়াতের কর্মীদের শহীদ করা হয়েছিল। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাসীরা শিবিরের কর্মীদের হত্যা করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছে। তার ভাষ্য, এখনো বিএনপি জামায়াতকে নিয়ে ‘বিরোধিতার স্বার্থে বিরোধিতা’ করছে। তিনি বিএনপির এই অবস্থানকে ‘নেই কাজ তো খই ভাজ’ প্রবাদের সঙ্গে তুলনা করেন।
সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি এখন অভিযোগ করছে, জামায়াত নাকি আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে।
‘সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী থাকার পরও রাজনীতি নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকাসহ সারা দেশে কীভাবে মিছিল করল’, প্রশ্ন তোলেন মিয়া গোলাম পরওয়ার।
তার বক্তব্য, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে এবং তাদের ইন্ধন ছাড়া এমন কর্মসূচি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে কি না, সেটি প্রশ্নের বিষয়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের তথ্য থাকলে তা প্রকাশ করতে হবে। তিনি বিরোধিতার জন্য বিরোধিতা না করার আহ্বান জানান।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



