বনদস্যুর হুমকিতে দুই মাস সুন্দরবনে যেতে পারছে না জেলেরা, খাদ্যসংকটে পরিবার

জেলেদের মানববন্ধন
মেয়েরা এসে বলে, ‘আব্বু, ১০ টাকা দাও।’ সামান্য এই টাকাটুকুও আজ মেয়েদের হাতে তুলে দিতে পারেন না জেলে আবুল কালাম। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তিন মেয়ের বাবার কাঁধে সংসারের ভার। অথচ প্রায় দুই মাস ধরে সুন্দরবনে যেতে না পারায় বন্ধ তার আয়।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় এক মানববন্ধনে দাঁড়িয়ে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন আবুল কালাম। তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। তার সঙ্গে মানববন্ধনে অংশ নেন প্রায় ১০০টি নৌকার মাঝি, জেলে ও তাদের পরিবারের সদস্যরা।
তাদের দাবি, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন নির্বিঘ্নে বনে গিয়ে মাছ ও কাঁকড়া আহরণ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।
জেলেরা জানান, সুন্দরবনের ওপরই তাদের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু বনদস্যুদের হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে প্রায় দুই মাস ধরে অধিকাংশ জেলে বনে যেতে পারছেন না। এতে তাদের পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্যসংকট।
এই সংকটের চিত্র উঠে আসে জেলে আরিফুল ইসলামের কথায়। তিনি সাধারণত ২৫ জন জেলেকে নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান। ওই ২৫ জেলে ও তাদের পরিবারের সদস্যদের জীবিকা তার ওপর নির্ভরশীল।
আরিফুল বলেন, ‘আজ সকালে আমার বাচ্চা না খেয়ে কান্নাকাটি করেছে। আমার সঙ্গে থাকা ২৫ জনের প্রত্যেকের পরিবারে তিন-চারটি করে সন্তান আছে। তারা না খেয়ে থাকলে আমরা কী করব? সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এটাই আশা করি।’
তার অভিযোগ, সুন্দরবন থেকে বনদস্যুরা ফোন করে ভয়ভীতি দেখাচ্ছে এবং বনে যেতে নিষেধ করছে। বনদস্যু নির্মূলের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার পরও তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
একই রকম অসহায়ত্বের কথা জানান জেলে ওমর ফারুক। তিনি বলেন, ‘আমি সকালে খাইনি। এখনো বাড়িতে রান্না হয়নি। সুন্দরবনে যেতে না পারলে আমরা কীভাবে বাঁচব? মাছ-কাঁকড়া ধরেই আমাদের সংসার চলে।’
সরকারের দৃষ্টি আকর্ষণ করে ওমর ফারুক আরও বলেন, ‘বিভিন্ন শহরে মানববন্ধন ও মিছিল হলে সরকার তা দেখে। কিন্তু আমরা সুন্দরবননির্ভর মানুষ যখন মানববন্ধন করছি, আমাদের এই কষ্ট কি সরকার দেখছে না?’
মানববন্ধনে বনদস্যু নির্মূল কমিটির সদস্য আশিকুর রহমান অভিযোগ করেন, রাসমেলায় পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগ ও প্রশাসন বিশেষ নজরদারি এবং টহলের ব্যবস্থা করে। কিন্তু সুন্দরবননির্ভর জেলে-বাওয়ালিদের নিরাপত্তায় একই ধরনের উদ্যোগ দেখা যায় না।
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে বাপ-দাদার পেশা হিসেবে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন, তাদের নিরাপত্তার বিষয়ে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নীরব?’
বনদস্যুদের হাতে জেলেদের আটকে রাখার অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের উদ্ধারের দাবিও জানান আশিকুর রহমান।
মানববন্ধনে বক্তারা সুন্দরবনে দ্রুত অভিযান পরিচালনা, বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ তৈরির দাবি জানান।




