সাইনবোর্ডে চলন্ত বাসে আগুন, নাশকতার অভিযোগ

সংগৃহীত ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসটিতে এ ঘটনা ঘটে। বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ নিয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দাবি, যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুজন আগুন লাগিয়ে দ্রুত নেমে যান। অন্যদিকে, হাইওয়ে পুলিশের ধারণা, যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
শিমরাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসচালকের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন লাগিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিলেন না।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানিয়েছেন, বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। তবে তার ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে।




