জাল সনদে চাকরি, অভিযোগকারী দুই রেজিস্ট্রারও দুদকের মামলার আসামি

সংগৃহীত ছবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাল শিক্ষাগত সনদে চাকরি নেওয়ার অভিযোগে করা মামলায় অভিযোগকারী বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফকেও আসামি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাল সনদে চাকরি নেওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ ও কাগজপত্র যাচাইয়ের দায়িত্বে থেকেও যথাযথ তদারকি না করার অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
সম্প্রতি দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা চিরঞ্জীব নিয়োগী আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। এতে দুই রেজিস্ট্রার ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।
তারা হলেন সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।
মামলার নথি ও তদন্ত সূত্রে জানা গেছে, এই পাঁচ কর্মকর্তা-কর্মচারী শিক্ষাগত যোগ্যতার জাল সনদ জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। পরে তাদের কয়েকজন বিভিন্ন পদে পদোন্নতিও পান। তদন্তে তাদের শিক্ষাগত সনদ জাল বলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া মতামত পাওয়া গেছে।
হাসনা হেনা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরিতে যোগ দিয়ে পরে সেকশন অফিসার (গ্রেড-২) হন। তার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ জাল বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সাকিব ইসলাম একই পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-২) হন। তার বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে শনাক্ত হয়েছে।
জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে পরে টেকনিক্যাল অফিসার হন। তার বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-১) পদে উন্নীত হন। জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, তার বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্রও জাল।
অন্যদিকে, সুমন হোসেন এমএলএসএস পদে চাকরিতে যোগ দিয়ে পরে অফিস সহকারী (আপগ্রেডেড) হন। যশোর শিক্ষা বোর্ড জানিয়েছে, তার এসএসসি পাসের সনদ সঠিক নয়।
নথি অনুযায়ী, ২০২৩ সালের ৪ ডিসেম্বর পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে যশোর কোতোয়ালি থানায় যান বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। তবে বিষয়টি দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় পুলিশ তাদের অভিযোগ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়।
পরে দুদকের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে মামলাটি করেন। তদন্তে উঠে আসে, জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়া এবং বেতন-ভাতা উত্তোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ইতিমধ্যে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্ত শেষে জাল সনদে চাকরি নেওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি তাদের নিয়োগ ও কাগজপত্র যাচাইয়ের দায়িত্বে থাকা দুই রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিল দুদক।




