মাদারীপুর
মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধ, শতাধিক বাড়িতে হামলা-লুটপাট

ছবি: আগামীর সময়
মসজিদের কমিটি গঠন নিয়ে শুরু হয় বিরোধ। সেই বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আতঙ্কে ঘর ছেড়ে পালানোর পর ফিরে এসে বসতঘর তছনছ অবস্থায় দেখতে পান বাসিন্দারা।
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ্রামের ঘটনা নিয়ে এমন অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয়দের দাবি, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা হামলায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অন্তত পাঁচজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগও করেছেন তারা।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্থানীয় বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের অনুসারীরা হামলায় জড়িত। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীদের কয়েকজন।
কমিটি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ
স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠন করা হয়। এতে মোশারফ ফকিরকে সভাপতি করা হলে আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল আপত্তি জানান বলে অভিযোগ রয়েছে। কমিটির নেতৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগে কয়েক দফা কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।
ভুক্তভোগীদের ভাষ্য মতে, বুধবার সকালে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এমদাদ মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে হামলা ও ভাঙচুর। এ সময় মালামাল লুট, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
‘ঘরে কিছুই নেই, আমি বিচার চাই’
ক্ষতিগ্রস্ত শিল্পী আক্তার বলেন, অন্যের বাড়িতে কাজ করে তিনি সংসার চালান। তার স্বামী ঢাকায় কাজ করেন। অনেক কষ্টে গড়ে তোলা ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শিল্পী আক্তার বলেন, ‘আমি মানুষের বাড়িতে কাজ করি। আমার স্বামী ঢাকায় কাজ করেন। অনেক কষ্ট করে ঘরটা করেছি। এখন ঘরে কিছুই নেই। জিনিসপত্র নিয়ে গেছে, ঘর ভেঙেচুরে দিয়েছে। আমি বাচ্চু মোড়লদের বিচার চাই।’
আলামিন মাতুব্বর, রুবিনা ও মারুফ হোসেনসহ কয়েকজনের অভিযোগ, বিস্ফোরণের শব্দে প্রাণভয়ে তারা বাড়িঘর ছেড়ে সরে যান। পরে ফিরে এসে ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা দেখতে পান। তাদের দাবি, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের বাধা দেওয়া হয়নি।
জুলাইযোদ্ধা তামিমের বাড়িতে হামলার অভিযোগ
জুলাই আন্দোলনের যোদ্ধা তামিম মাতুব্বর অভিযোগ করেন, পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে তাদের বাড়িঘর থেকে সরিয়ে দেন। পরে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে দাবি তার।
তিনি বলেন, আমি একজন জুলাইযোদ্ধা এবং ছাত্রদলের কর্মী। আমার ঘর তারা ছাড় দেয়নি। বাচ্চু মোড়ল আওয়ামী লীগের নেতা। তিনি দীর্ঘদিন যাবত এলাকার মানুষকে বলছেন- আমি জুলাইযোদ্ধা হওয়ার কারণে আমাদের ঘর ভাঙচুর ও লুটপাট করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু মোড়ল বলেন, আমি বা আমাদের সমর্থকরা তাদের ঘরবাড়ি লুটপাট এবং ভাঙচুর এবং আগুন দেয়নি। তারা নিজেরাই এই কাজ করেছে।
অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিমূলক। দুই পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পেছনে মসজিদের কমিটি নিয়ে বিরোধ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।



