সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের, একজন সিলেটের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। দোয়ারাবাজার উপজেলার আফসরনগর এলাকার রমজান আলীর ছেলে এক বছর ২ মাস বয়সী মহসিন, সিলেট সদর উপজেলার পীরেরগাঁও এলাকার মাজেদের ছেলে আট মাস বয়সী মাজহারুল এবং মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকার মিলু মিয়ার মেয়ে চার মাস বয়সী তানিয়া।
তারা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে হামের প্রকোপে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৯৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। তবে এই সময়ের মধ্যে ৪৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে চারজন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে নিশ্চিত করা গেছে। বাকিদের মৃত্যু হয়েছে সন্দেহভাজন হিসেবে।






