আইফোন ছিনিয়ে নিতে তরুণকে হত্যার অভিযোগ, ৫ দিন পর মরদেহ উদ্ধার

গ্রেপ্তার যুবক
হবিগঞ্জের লাখাইয়ে নিখোঁজের পাঁচ দিন পর তারেক মিয়া (২২) নামে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আইফোন ছিনিয়ে নিতে তাকে হত্যার অভিযোগে তার প্রতিবেশী সাদেক মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় লাখাই উপজেলার ফুলবাড়িয়ার একটি জলাশয় থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নবীগঞ্জের চৌশতপুর গ্রামের মারফত উল্যার ছেলে। গ্রেপ্তার সাদেক একই গ্রামের নানু মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার জানান, গত বৃহস্পতিবার কাজের খোঁজে তারেক ও সাদেক লাখাইয়ের ফুলবাড়িয়ায় যান। ওই রাতেই তারেককে গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার আইফোন নিয়ে পালিয়ে যান সাদেক। পরদিন তারেকের বাবা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ তদন্ত শুরু করে পাঁচ দিন পর মঙ্গলবার সাদেককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়িয়ার ওই জলাশয় থেকে তারেকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এসআই জয়ন্ত তালুকদার আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আইফোন ছিনিয়ে নিতেই তারেককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



