সড়কের পাশে রক্তাক্ত যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

মৃত জহির ফকির (৫০)। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জহির ফকির (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত আনুমানিক ৯টার দিকে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশের সড়কে রক্তাক্ত অবস্থায় জহিরকে পড়ে থাকতে দেখেন স্থানীয় দুই ব্যক্তি। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উদ্ধারকারীদের একজন রবিউল সানি (১৯)। তিনি মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন জুনায়েদ সাগর (২৩), পেশায় মিশুকচালক।
জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার স্থায়ী বাড়ি আড়াইহাজারের খালিয়ারচর এলাকায়। বর্তমানে তিনি সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন।
কীভাবে জহির ফকির রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




