মাধবপুরের সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

শাহ মো. মুসলিম- ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাধবপুর পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মাধবপুর পৌর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকাল পর্যন্ত তিনি মাধবপুর থানা-পুলিশের হেফাজতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় চেক ডিজঅনারের পৃথক তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বললেন, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে পৌর এলাকার স্বপন মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





