মাধবপুরে ভারতীয় জিরাবোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার ৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুরে ৩ হাজার ৯০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন পালিয়ে গেছেন।
গত ৭ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জিরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের মুজাহিদ (২৪), য়োবায়ের (১৮) ও সিলেটের মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় পলাতক শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আইসি ও মামলার বাদী পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, আসামিরা অবৈধভাবে সংগ্রহ করা ভারতীয় জিরা বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার তিনজনকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, জানান তিনি।




