রূপগঞ্জে যুবদল নেতা, রংপুরে আ.লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা
- তিন জেলায় পাঁচ লাশ

দেশের তিন জেলায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানের মরদেহের পাশে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাদের জননীকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে যুবদলের এক নেতাকে কুপিয়ে খুন করেছেন প্রতিপক্ষের নেতাকর্মীরা। এ ছাড়া রংপুরের কাউনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার ভাইকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশুসন্তান নিয়ে যে নারীর ছিল ভরা সংসার, সে ঘরেই মিলল তিনজনের নিথর দেহ। মৃত্যুর আগে ঘরের দেয়ালে লিখে গেছেন স্বামীকে উদ্দেশ্য করে একটি বাক্য— ‘আমাদের লাশ যেন শাকিল না ছোঁয়।’ দুই সন্তানকে গলা টিপে হত্যার পর আত্মহত্যার আগে স্বর্ণা আখতার (২৩) ওই বাক্য লিখেছেন বলে জানা গেছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার বালুপাড়া গ্রামের এ ঘটনায় শোকের পাশাপাশি দেখা দিয়েছে নানা প্রশ্ন।
স্বর্ণার দুই সন্তান চার বছর বয়সী সাফায়াত হোসেন ও এক বছর বয়সী রাইসা আক্তার। তার স্বামী মো. শাকিল মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে যুবদলের এক নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে ঘটে এ ঘটনা। িনহত রিপন মিয়া (৪৫) ওয়ার্ড যুবদলের সহসভাপতি এবং শহীদুল্লাহর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে কাজী তানভীর, রিফাত কাজী, সারোয়ার খান, কাজী আমিরুল, কাজী কামরুল, কাজী কবির ও তৌহিদ ফরাদের নাম বলেছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা। রংপুরের কাউনিয়ায় ফকরুল আলম রতন (৫০) নামে একজনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণলস্কর গ্রামে ঘটে এ হত্যাকাণ্ড। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। নিহত ফকরুল ইসলাম রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে এবং আওয়ামী লীগ নেতা নয়নের বড় ভাই। তবে কী কারণে, কারা তাকে খুন করেছে— তাৎক্ষণিকভাবে জানা যায়নি সে তথ্য।
কাউনিয়া থানার ওসি বাদল চন্দ্র মণ্ডল বললেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। আইনিপ্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]



