উখিয়া
চুরির অভিযোগে গণপিটুনি, রোহিঙ্গা যুবক নিহত

প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে চুরির অভিযোগে গণপিটুনিতে আল আমিন (৩০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ক্যাম্পের এল-২ ব্লকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ওরফে ‘চোরা হালাইয়া’ চুরির উদ্দেশ্যে হাসিনা খাতুনের (৫০) বসতঘরে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাধা দিলে তিনি ধারালো অস্ত্র দিয়ে হাসিনা খাতুন এবং তার দুই ছেলে ইমাম হোসেন (৩১) ও আল মিজানকে (২৫) আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থল থেকে পালানোর সময় উত্তেজিত কয়েকজন রোহিঙ্গা আল আমিনকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত চারজনকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়। আহত অপর তিনজনের চিকিৎসা চলছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গণপিটুনিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ, জানান ওসি।




