বাউফল
দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে শাড়ি উপহার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সংগৃহীত ছবি
পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শাড়ি উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় বাউফল পৌর শহরে নিজের বাসভবনে এ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
এ সময় সামুয়েল আহমেদ লেনিন বলেছেন, বিএনপি কোনো ধর্মভিত্তিক, গোষ্ঠীভিত্তিক বা কোনো দেশের অনুসারী দল নয়। বিএনপি বাংলাদেশপন্থী এবং ১৮ কোটি মানুষের দল। জনাব তারেক রহমান ১৮ কোটি মানুষের প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেছেন, পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মা-বোনদের উপহার হিসেবে শাড়ি দেওয়া হয়, তেমনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের জন্য তারেক রহমানের পক্ষ থেকে শাড়ি উপহার দেওয়া হচ্ছে।ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
শাড়ি উপহার বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য তরিকুল ইসলাম মোস্তফা এবং স্থানীয় নেতাকর্মীরা।




