লালপুর
খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিউলী-আফিয়া, মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
নাটোরের লালপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— উপজেলার বেরিলাবাড়ী গ্রামের সিরাজুল হকের আড়াই বছরের মেয়ে শিউলী খাতুন এবং একই গ্রামের আনারুল ইসলামের দুই বছরের মেয়ে আফিয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুজন পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানালেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



