সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ঘটনায় চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে পৌর এলাকার হাতকোপা থেকে নূরুল হক এবং বুধবার দুপুরে দক্ষিণ ষোলপাড়া থেকে মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার হীরাপুর গ্রামের মোর্শেদ আলমের ছেলে মো. নূরুল হক এবং সোনারগাঁ পৌরসভার আব্দুল মান্নানের ছেলে মো. ইলিয়াস।
পুলিশ জানায়, দক্ষিণ ষোলপাড়া গ্রামের চার বছর বয়সী এক শিশু গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী মো. ইলিয়াস তাকে দোকানের খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেন। সেখানে শিশুটিকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন। বুধবার দুপুরে স্থানীয় লোকজন ইলিয়াসের বাড়ি ঘেরাও করে তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশু গত মঙ্গলবার বিকালে নূরুল হকের মুদি দোকানে চিপস কিনতে যায়। এ সময় দোকানে লোকজন না থাকার সুযোগে নূরুল হক শিশুটিকে ভেতরে ডেকে বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বাড়িতে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। খবর পেয়ে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন দোকানে গিয়ে নূরুল হককে আটক করে মারধর করেন। পরে সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেন।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী এক শিশুর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসকের মাধ্যমে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্য শিশুটিকেও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



