পাথরঘাটা
জেলের জালে আটকে পড়ল ১০ ফুটের অজগর
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় খালে পেতে রাখা জালে আটকে পড়েছিল প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর। খবর পেয়ে সেটিকে উদ্ধার করেন স্থানীয় পরিবেশকর্মী জাকির হোসেন ওরফে টাইগার জাকির। পরে অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করে বন বিভাগ।
আজ সোমবার সকাল ৭টার দিকে বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।
জাকির হোসেন আগামীর সময়কে বলছেন, সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম তাকে খালে জালে আটকে থাকা অজগরটির খবর দেন। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তিনি।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেছেন, জাকির হোসেন অজগরটি নিয়ে আসার পরপরই সেটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।




