ময়মনসিংহের শশীলজের বিরল নাগলিঙ্গম ঝুঁকিতে
- সরে গেছে শিকড়ের মাটি

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনা শশীলজের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এর সবুজ প্রাঙ্গণ। সেখানে থাকা বিরল নাগলিঙ্গমগাছের ফুল ও পাতার সৌন্দর্য দর্শনার্থীদের নজর কাড়ে। তবে শশীলজের পুকুরপাড়ে থাকা বড় দুটি নাগলিঙ্গমগাছ এখন ঝুঁকিতে। পুকুরপাড়ের মাটি সরে যাওয়ায় গাছ দুটির শিকড়ের বড় একটি অংশ মাটির বাইরে বেরিয়ে এসেছে। এতে বড় ধরনের ঝড় কিংবা সময়ের সঙ্গে মাটি আরও সরে গেলে গাছ দুটি উপড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি শশীলজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পেছনের ডিম্বাকৃতির পুকুরের উত্তর পাড়ে সীমানাপ্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে আছে বড় দুটি নাগলিঙ্গমগাছ। গাছ দুটির শিকড়ের বেশ কিছু অংশ মাটি থেকে আলাদা হয়ে বাইরে বেরিয়ে আছে। দূর থেকেও উন্মুক্ত শিকড় চোখে পড়ে।
শশীলজের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানালেন, প্রাঙ্গণে তিনটি নাগলিঙ্গম রয়েছে। এর মধ্যে পুকুরপাড়ের দুটি গাছের শিকড় উন্মুক্ত হয়ে যাওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। গাছ দুটি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড কর্মকর্তা সাবিনা ইয়াসমীন বললেন, নাগলিঙ্গম দুটি রক্ষার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন।
শশীলজ ময়মনসিংহের একটি ঐতিহাসিক স্থাপনা। মুক্তাগাছার মহারাজ শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এর নামকরণ। প্রায় ৯ একর ৬৮ শতাংশ জমির ওপর গড়ে ওঠা এই রাজবাড়ি ময়মনসিংহ শহরে নির্মাণ করা হয়েছিল। ১৮৯৭ সালের ১ জুনের ভয়াবহ ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে পরে শশীকান্ত এটি পুনর্নির্মাণ করেন।
রাজপরিবারের আবাস হিসেবে পরিচিত শশীলজ পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আসে। সংস্কারকাজের পর ২০১৯ সালে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করা হয়। বর্তমানে এটি ময়মনসিংহের অন্যতম দর্শনীয় স্থান।



