পিছিয়ে পড়া জনপদ পীরের চকেও বিশ্বকাপের উন্মাদনা

গ্রাফিকস: আগামীর সময়
সিলেটের বিয়ানীবাজার উপজেলার পিছিয়ে পড়া এক জনপদের নাম পীরের চক। সেখানে নিজেদের পছন্দের দলের বিশাল বড় পতাকা টানিয়েছেন গ্রামের ফুটবলপাগল প্রায় অর্ধশতাধিক মানুষ। এই উন্মাদনায় আলাদা করে নজরে পড়ার মতো বিয়ানীবাজার উপজেলার কয়েকটি গ্রাম।
মোল্লাপুর, মাথিউরা, কসবা, শ্রীধরা, পীরের চক গ্রামের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ আসলেই ব্রাজিল, আর্জেন্টিনা জার্মানি এবং ফ্রান্সের পতাকা নিজেদের বাড়ির সামনে বড় করে টানিয়ে রাখেন।
বিয়ানীবাজারে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে কেন্দ্র করে ফুটবলে উন্মাদনা থাকে। বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথেই গ্রাম কিংবা শহরের রাস্তার দুই পাশে উড়ছে শত শত পতাকা। বাঁশ পুঁতে লাগানো পতাকাই শুধু নয়, দেয়ালে আঁকা হচ্ছে প্রিয় দেশের পতাকা।
পৌরশহরের ক্রীড়া সরঞ্জামাদির দোকানগুলোতে লেগেছে ভিড়। প্রিয় দেশের জার্সি কেনার ধুম চলছে। রবিবার বিকালে বাবার হাত ধরে জার্সি কিনতে এসেছে স্কুল ছাত্র মো. তাহসান সারিম। তার ভাষ্য, একটু আগে জার্সি কিনলাম। পরে ব্রাজিলের ভালো মানের জার্সি পাওয়া যাবে না। সেজন্য আগে এসে কিনলাম।
নিজ দলের বিশ্বকাপ জেতা নিয়েও সংশয়হীন ক্ষুদে এই সমর্থক। এবার নেইমার দলের আরেকটি বিশ্বকাপ জেতার স্বপ্ন তার চোখে।
আবুল হাসান নামের এক যুবকের কণ্ঠে শোনা গেল ভিন্ন কথা। তিনি মনে করেন বিশ্বকাপ আসলে সবার আগে নিজ দলের বড় পতাকা রাস্তার পাশে লাগাতেই হবে।
আবু বক্কর জিবান নামের একজন সমর্থক বললেন, ‘সারা পৃথিবীতে আর্জেন্টিনার সমর্থক যেমন বেশি, তেমনি আমাদের এলাকায়ও কোনো অংশে কম নয়। গতবার আমরা বিশ্বকাপ জিতেছি, এবারও জিতব।’
জার্সি বিক্রেতা শাহীন আহমেদ জানালেন ব্যবসার ভালো খবর। গত এক সপ্তাহে বেশ কিছু জার্সি বিক্রি হয়েছে। ক্রমেই জার্সি ক্রয়ের আগ্রহ বাড়ছে মানুষের।
সরেজমিন দেখা গেছে, বিয়ানীবাজারের আলীনগর এলাকা থেকে বারইগ্রাম পর্যন্ত নিজেদের পছন্দের দেশের পতাকায় সয়লাব করে রেখেছেন ভক্ত-সমর্থকরা। এরমধ্যে কেউ টানিয়েছেন ইরানের পতাকাও। লাগানো হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়ার পতাকা। এটি করার জন্য পৃষ্ঠপোষকও জুটেছে তাদের। অর্থ সহায়তা দিয়ে এই উন্মাদনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রবীণরা।
সাবেক ফুটবলার নুরুল আলম জানান, বিয়ানীবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই উন্মাদনা আর কোন খেলায় নেই।
বিয়ানীবাজার ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ জানান, বিশ্বকাপ শুরুর আগেই এ আয়োজন সর্বত্র উৎসবের আবহ তৈরি করেছে। তরুণদের মধ্যে এমন উদ্দীপনা ক্রীড়া ক্ষেত্রে তাদের অনুপ্রাণিত করবে।




