রায়পুরায় কোটি টাকার ইউপি ভবন পরিত্যক্ত
- নিরাপত্তাঝুঁকির কথা বলছেন চেয়ারম্যান, ভবন সংস্কারের নির্দেশ ইউএনওর

ছবি: আগামীর সময়
দরজা-জানালা ভেঙে নষ্ট হচ্ছে। চারপাশে ঘন ঝোপঝাড় ও আগাছা। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি কাজে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে নিরাপত্তাঝুঁকির কথা বলে মূল ভবনের বদলে ডিজিটাল সেন্টারে বসে দাপ্তরিক কাজ করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে চানপুর ইউপির ভবন নির্মাণ করা হয়। ২০১১ সালের নির্বাচনের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত সেখানে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম চলেছে। এরপর থেকে ভবনটিতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিষদ ভবনে কার্যক্রম না চলায় নাগরিকরা সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন।
চানপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ২০১৬ সালের পর থেকে পরিষদ ভবনে নিয়মিত কার্যক্রম আর চালু হয়নি। চেয়ারম্যানকে বারবার সেখানে বসার তাগিদ দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
চেয়ারম্যান মো. আব্দুল মোমেন সরকার জানিয়েছেন, দুর্গম চরাঞ্চলের নির্জন এলাকায় নিরাপত্তাঝুঁকি থাকায় তিনি মূল পরিষদ ভবনে বসতে পারছেন না। এ কারণে বিকল্প হিসেবে সরকার অনুমোদিত ডিজিটাল সেন্টারে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে পরিষদ ভবনটি সংস্কার করে সেখানে কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বললেন, চানপুর দুর্গম চরাঞ্চল হওয়ায় সেখানে গোষ্ঠীগত দ্বন্দ্বসহ নানা প্রতিকূলতা রয়েছে। তবে ভবনটি দ্রুত সংস্কার করে উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং মূল পরিষদ ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারম্যানকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
চানপুর ইউনিয়নের ১১টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের দাবি, দ্রুত ভবনটি সংস্কার করে সেখানে পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম চালু করা হোক।



