বান্দরবানে ডিপিএইচই কার্যালয়ে দুদকের অভিযান, নথি জব্দ

বান্দরবানে ডিপিএইচই কার্যালয়ে দুদকের অভিযান
সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ তছরুপের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন ফাইলপত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে প্রকল্পের সাইট সরেজমিনে পরিদর্শন করার কথা জানিয়েছে দুদক।
দুদকের সহকারী পরিচালক ও টিম লিডার আবদুল আল নোমান জানান, বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত যেসব উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলো সরেজমিনে তদন্ত করা হবে। তদন্ত শেষে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
অভিযান চলাকালে ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী অনুপম দে এবং প্রাক্কলনবিদ (এস্টিমেটর) মোহাম্মদ জুলহাস নিজ নিজ অফিসকক্ষে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুদকের টিম ডিপিএইচই কার্যালয়ে প্রবেশ করার পর কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ‘পাইপলাইন স্থাপন প্রকল্প’ এবং ৪৫ কোটি টাকা ব্যয়ে ‘সুপেয় পানি সরবরাহ’ প্রকল্প চলমান রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ৪৫ কোটি টাকার প্রকল্পের আওতায় ১০টি পরীক্ষামূলক নলকূপ স্থাপন, ১২টি গ্র্যাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস) মেরামত, ২০টি নতুন জিএফএস নির্মাণ, ৫৮৩টি রিংওয়েল স্থাপন এবং ১৪০টি রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাংক নির্মাণের কাজ রয়েছে।



