সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা হলেন সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুমন মাহমুদ (৩৮), ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. হায়দার খান (৩০) এবং ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী বাবুল ওরফে বাবু (২৪)।
পুলিশ জানায়, মো. সুমন মাহমুদ ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকার আ. ছাত্তার মোল্লার ছেলে। মো. হায়দার খান ১ নম্বর ওয়ার্ডের সাইলোগেট এলাকার মো. আব্দুল আজিজের ছেলে এবং বাবুল ওরফে বাবু ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।



